খবর বাংলা ডেস্ক :
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (৫ এপ্রিল) থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে।
শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালিত হবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার। তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির বাইরে থাকবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই অফিস সময় নির্ধারণ করা হয়েছে। তবে ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।
এ ছাড়া আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টা ঠিক করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এদিকে, জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও আলাদা নির্দেশনা আসছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় অনলাইন ও সশরীরে ক্লাস মিলিয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে, যাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।
এর আগে সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার পরিকল্পনা ছিল, যেখানে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীরে পাঠদান করার প্রস্তাব বিবেচনায় ছিল।











