খবরবাংলা ডেস্ক :
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবী, মাদক কারবারি, ডাকাতির অভিযোগে অভিযুক্ত এবং বিভিন্ন মামলার আসামি রয়েছেন। এ সময় ৩৬৩টি ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১২৭ জনের মধ্যে ৯৪ জন মাদকসেবী, ছয়জন মাদক কারবারি এবং ডাকাতির অভিযোগ রয়েছে চারজনের বিরুদ্ধে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার ১২ আসামি, অন্যান্য ধারায় তিনজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্য রয়েছেন।
থানাভিত্তিক অভিযানে সবচেয়ে বেশি ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাদের মধ্যে তিনজন মাদক কারবারি, ৫৯ জন মাদকসেবী, একজন পরোয়ানাভুক্ত এবং একজন অন্যান্য ধারার আসামি। এ সময় ১২২টি ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ ২১১টি ইয়াবাসহ দুজন মাদক কারবারি, ১৭ জন মাদকসেবী, ডাকাতির অভিযোগে একজন, পরোয়ানাভুক্ত দুজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করে।
বন্দর থানা পুলিশ ছয়জন মাদকসেবী, ডাকাতির অভিযোগে তিনজন এবং অন্যান্য ধারায় দুজনসহ ১১ জনকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩০টি ইয়াবাসহ একজন মাদক কারবারি, দুজন মাদকসেবী, নিয়মিত মামলার দুজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করে।
এ ছাড়া নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তিনজন মাদকসেবী ও নিয়মিত মামলার পাঁচ আসামিসহ আটজনকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানা পুলিশ পরোয়ানাভুক্ত একজন, সাতজন মাদকসেবী, নিয়মিত মামলার একজন আসামি এবং নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ ১১ জনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।











