খবরবাংলা ডেস্ক :
পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন—বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, রোববার পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন করা হবে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী জানান, শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন। এ বিষয়ে সরকার এবং বিজিএমইএ ও বিকেএমইএ একমত হয়েছে। শ্রমিক প্রতিনিধিরাও বোর্ডে তাদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন। রোববারের মধ্যেই বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হবে বলে জানান তিনি।
এদিকে, তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা।
শনিবার ঢাকার মিরপুর, সাভার ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং বিভিন্ন কারখানা ও মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











