খবরবাংলা ডেস্ক :
বেতন-ভাতা বাড়ানো এবং ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, সফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতির কারণে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে নেমে বিক্ষোভ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











