খবরবাংলা ডেস্ক :
নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ঢুকে দোকান মালিক ও ক্রেতাদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় ৫ থেকে ৬ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ওই স্বর্ণের দোকানে প্রবেশ করে। এ সময় দোকানের মালিক ও ভেতরে থাকা দুই ক্রেতাকে রামদার মুখে জিম্মি করা হয়। পরে দোকানে থাকা স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাতরা।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে কয়েকজন যুবককে অস্ত্র হাতে দোকানে ঢুকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের প্রত্যেক সদস্যের মুখে মাস্ক ছিল।
প্রাথমিকভাবে জানা গেছে, ডাকাতরা দোকান থেকে প্রায় চার ভরি স্বর্ণালংকারের পাশাপাশি রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। তবে মোট কী পরিমাণ অর্থ ও অন্যান্য মালামাল খোয়া গেছে, তা বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো দোকান মালিকের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।
ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











