খবরবাংলা ডেস্ক :
নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (৩১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আসরের জন্য বেশ আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
প্রথম ম্যাচের আগে দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে শেষবারের মতো নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে টাইগ্রেসরা। অনুশীলনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের পাশাপাশি ম্যাচের কৌশল নিয়েও কাজ করেছে দল।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য এশিয়া কাপের ইতিহাসে ২০১৮ সালের আসরটি বিশেষ স্মরণীয়। মালয়েশিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি সংস্করণের ওই আসরের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। নারী ও পুরুষ—সিনিয়র পর্যায়ের ক্রিকেটে বাংলাদেশের এটিই এখন পর্যন্ত এশিয়া কাপের সর্বোচ্চ সাফল্য।
এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করে হারানো শিরোপা ফিরে পাওয়ার লক্ষ্য বাংলাদেশের। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও আসরে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করার প্রত্যয় জানিয়েছেন।
গ্রুপপর্বে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করার পর আগামী ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপপর্বের তিনটি ম্যাচই একই সময়ে অনুষ্ঠিত হবে।
ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করে পরের ধাপে যাওয়ার পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশের মেয়েরা।
তথ্য সূত্র : যমুনা টিভি











