খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রতিষ্ঠানগুলোর জন্য ডিজিটাল বিজনেস আইডেনটিটি (ডিবিআইডি) নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব এসেছে। ডিবিআইডি নিবন্ধন ছাড়া ফেসবুক, ইউটিউব, গুগলসহ কোনো বিদেশি প্ল্যাটফর্ম বাংলাদেশে নতুন অনলাইন বিজ্ঞাপন প্রচার করতে পারবে না।
বাণিজ্য মন্ত্রণালয় ‘ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা, ২০২৬’-এর পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ খসড়ার ওপর আগামী ৬ আগস্ট পর্যন্ত অংশীজন ও সাধারণ মানুষের মতামত আহ্বান করা হয়েছে। মতামত পর্যালোচনার পর চূড়ান্ত খসড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে।
খসড়া নীতিমালায় বলা হয়েছে, বাংলাদেশে পণ্য বা সেবা বিক্রি করতে চাইলে বিদেশি ডিজিটাল বাণিজ্য প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ডিবিআইডি নিবন্ধন নিতে হবে। পাশাপাশি দেশের প্রচলিত ভ্যাট, আয়কর ও অন্যান্য কর-সংক্রান্ত আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশের ডিজিটাল বিজ্ঞাপনের বাজার দ্রুত সম্প্রসারিত হলেও সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। সেই ঘাটতি পূরণ এবং ডিজিটাল বাণিজ্যে শৃঙ্খলা আনতেই নতুন নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে।
নীতিমালা কার্যকর হলে নিবন্ধন ছাড়া মেটা, গুগল, ইউটিউবসহ অন্যান্য বিদেশি প্ল্যাটফর্ম বাংলাদেশে নতুন বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। তবে প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করার পর দেশের প্রচলিত আইন মেনে বৈধভাবে বিজ্ঞাপন প্রচারের সুযোগ থাকবে।
এতে আরও বলা হয়েছে, অনলাইনে নকল, ভেজাল ও প্রতারণামূলক পণ্য বিক্রি, অনলাইন জুয়া, বেটিং, লটারি এবং নিষিদ্ধ পণ্য বা সেবার ডিজিটাল বাণিজ্য সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারও করা যাবে না।
খসড়ায় দেশের এমএসএমই উদ্যোক্তাদের জন্য ডিজিটাল রপ্তানি সহজ করা, পার্সেলভিত্তিক রপ্তানি, আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা উন্নয়ন, ‘ক্রস-বর্ডার এসক্রো’ সেবা চালু এবং বিশ্বমানের গুদাম ও প্রসেসিং সেন্টার গড়ে তোলার প্রস্তাবও রাখা হয়েছে।
ভোক্তা অধিকার সুরক্ষায় বিক্রয়োত্তর সেবা, পণ্য ফেরত, অর্থ ফেরত, ওয়ারেন্টি ও গ্যারান্টি সম্পর্কে ক্রেতাকে আগেই স্পষ্ট তথ্য দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। পাশাপাশি ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তিতে আধুনিক অভিযোগ ব্যবস্থার পাশাপাশি একটি স্বাধীন বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থা চালুরও প্রস্তাব রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










