খবরবাংলা ডেস্ক :
ডাইনোসরের বিলুপ্তির পর পৃথিবীতে বাদুড়ের আবির্ভাব কীভাবে হয়েছিল, তার বিবর্তনীয় ইতিহাস নিয়ে নতুন তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় ধারণা করা হচ্ছে, প্রায় ৬ কোটি ৫০ লাখ বছর আগে ইউরোপে প্রথম বাদুড়ের আবির্ভাব ঘটে। পরে সেখান থেকে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এই উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাদুড়ের জিনগত তথ্য ও জীবাশ্ম নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় সমন্বিত গবেষণাগুলোর একটি এটি। গবেষকেরা ২১টি স্বীকৃত বাদুড় পরিবার থেকে ১০৩টি প্রজাতির জিনোম বিশ্লেষণ করেছেন। পাশাপাশি ৪৪টি জীবাশ্ম বাদুড়ের তথ্য যুক্ত করে তৈরি করা হয়েছে তাদের বিবর্তনের একটি পারিবারিক বৃক্ষ।
গবেষণা অনুযায়ী, প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে একটি গ্রহাণুর আঘাতে পৃথিবীর পরিবেশে ব্যাপক পরিবর্তন ঘটে। এর ফলে ডাইনোসরসহ বহু প্রাণী বিলুপ্ত হয়। এর প্রায় ১০ লাখ বছর পর ইউরোপে বাদুড়ের আবির্ভাব ঘটে বলে মনে করছেন গবেষকেরা।
এরপর তুলনামূলক দ্রুতই বাদুড় আফ্রিকায় পৌঁছে যায়। গবেষকদের মতে, ইউরোপ ও আফ্রিকা বাদুড়ের প্রাথমিক বিবর্তনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করেছে। বর্তমানে অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রায় সব মহাদেশেই বাদুড়ের দেখা মেলে।
বিশ্বে এখন ১ হাজার ৫০০টির বেশি বাদুড়ের প্রজাতি রয়েছে। স্তন্যপায়ী প্রাণীর মোট প্রজাতির এক-পঞ্চমাংশেরও বেশি বাদুড়। পরিবেশের ভারসাম্য রক্ষায়ও প্রাণীটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাদুড় ফুলের পরাগায়ন করে, বীজ ছড়িয়ে দেয় এবং বিপুলসংখ্যক পোকামাকড় খেয়ে থাকে।
গবেষণায় আরও দেখা গেছে, বাদুড়ের বিবর্তনের একেবারে শুরুর দিকেই উড্ডয়ন ও ইকোলোকেশন বা প্রতিধ্বনি শনাক্ত করার ক্ষমতা তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ইকোলোকেশনের মাধ্যমে বাদুড় উচ্চ কম্পাঙ্কের শব্দ তৈরি করে এবং সেই শব্দের প্রতিধ্বনি শুনে অন্ধকারে আশপাশের পরিবেশ সম্পর্কে ধারণা নেয়।
উড়তে পারা এবং ইকোলোকেশনের ক্ষমতা বাদুড়কে রাতে সক্রিয় হওয়ার বিশেষ সুবিধা দিয়েছে বলে মনে করছেন গবেষকেরা। এতে দিনের বেলায় সক্রিয় পাখিদের সঙ্গে খাবার ও পরিবেশ নিয়ে প্রতিযোগিতা কমেছে। পাশাপাশি অন্ধকারে উড়ে শিকার ধরার সুযোগও তৈরি হয়েছে।
বাদুড়ের সবচেয়ে পুরোনো পরিচিত জীবাশ্মের বয়স প্রায় ৫ কোটি ২০ লাখ বছর। তবে জিনগত ও শারীরিক বৈশিষ্ট্যের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বাদুড়ের উৎপত্তির সময় আরও পেছনে, প্রায় ৬ কোটি ৫০ লাখ বছর আগে নির্ধারণ করেছেন।
তবে বাদুড়ের পূর্বপুরুষ দেখতে কেমন ছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। গবেষকদের ধারণা, তারা হয়তো গাছে বসবাসকারী ছোট স্তন্যপায়ী প্রাণীর মতো ছিল। সময়ের সঙ্গে তাদের আঙুল লম্বা হয়ে ডানা তৈরির দিকে বিবর্তিত হতে পারে। তবে এটি এখনো একটি অনুমান।
উড্ডয়নের ক্ষমতা আগে নাকি ইকোলোকেশন—কোনটি আগে বিকশিত হয়েছিল, সেই প্রশ্নেরও নিশ্চিত উত্তর মেলেনি। কারণ সবচেয়ে পুরোনো বাদুড়ের জীবাশ্মগুলোতেই উড্ডয়ন ও ইকোলোকেশনের সঙ্গে সম্পর্কিত বৈশিষ্ট্য দেখা যায়। এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পেতে আরও পুরোনো ‘প্রি-ব্যাট’ বা বাদুড়ের পূর্বপুরুষের জীবাশ্ম প্রয়োজন বলে মনে করছেন গবেষকেরা।
বাদুড় শুধু বিবর্তনের ইতিহাসের জন্যই নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা ও দীর্ঘায়ুর কারণেও বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ। আকারের তুলনায় অনেক বাদুড় দীর্ঘদিন বেঁচে থাকে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে উল্লেখযোগ্য প্রতিরোধ ক্ষমতা দেখায়। ফলে বাদুড়ের জিনগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা ভবিষ্যতে মানুষের বয়সজনিত পরিবর্তন, রোগ প্রতিরোধ ক্ষমতা ও বিভিন্ন রোগ সম্পর্কে নতুন তথ্য দিতে পারে।
বর্তমানে বাদুড়ের আকার ও খাদ্যাভ্যাসে ব্যাপক বৈচিত্র্য রয়েছে। ফিলিপাইনের জায়ান্ট গোল্ডেন-ক্রাউনড ফ্লাইং ফক্সের ডানার বিস্তার প্রায় ১ দশমিক ৭ মিটার। অন্যদিকে থাইল্যান্ড ও মিয়ানমারে পাওয়া বাম্বলবি ব্যাটের ডানার বিস্তার মাত্র প্রায় ১৩ সেন্টিমিটার।
কোনো বাদুড় পোকামাকড় খায়, কোনোটি ফল বা ফুলের মধু খায়, আবার কিছু প্রজাতি মাছও খায়। ভ্যাম্পায়ার বাদুড় রক্ত খাওয়ার জন্য পরিচিত। কোটি কোটি বছরের বিবর্তনের বিভিন্ন ধাপ পেরিয়ে বাদুড় আজ পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় স্তন্যপায়ী প্রাণীগোষ্ঠীতে পরিণত হয়েছে।











