খবর বাংলা ডেস্ক :
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) উড়িষ্যা উপকূলে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই উৎক্ষেপণ সম্পন্ন হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা সূত্র।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটি অগ্নি-৬ কি না তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও এটি আইসিবিএম শ্রেণির অন্তর্ভুক্ত। এর পাল্লা ১০ হাজার কিলোমিটারের বেশি বলে দাবি করা হচ্ছে।
এই পরীক্ষার মাধ্যমে ভারতের দূরপাল্লার প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডিআরডিও সূত্র জানায়, এই সফল উৎক্ষেপণ ভারতের রকেট প্রপালশন, গাইডেন্স সিস্টেম এবং রি-এন্ট্রি প্রযুক্তিতে অগ্রগতির ইঙ্গিত দেয়।
ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত এর আগে জানিয়েছিলেন, সরকারের অনুমোদন পেলেই অগ্নি-৬ প্রকল্পে কাজ এগিয়ে নেওয়া হবে।
এদিকে ভারতীয় জনতা পার্টি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, ১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লার এই প্রযুক্তি ভারতকে একটি শক্তিশালী প্রতিরক্ষা শক্তিতে পরিণত করছে।
বর্তমানে বিশ্বের কয়েকটি দেশই এই ধরনের দীর্ঘপাল্লার আইসিবিএম প্রযুক্তির অধিকারী। এর মধ্যে রাশিয়ার সারমাট এবং চীনের ডিএফ-৪১ অন্যতম। এই পরীক্ষার মাধ্যমে ভারতও সেই তালিকায় আরও দৃঢ় অবস্থান তৈরি করল বলে মনে করা হচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











