খবর বাংলা ডেস্ক :
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচের প্রস্তুতির মাঝেই বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতির আগে চোটের কারণে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে পাচ্ছে না দল দুটি।
ব্রাজিল দলে সবচেয়ে বড় দুঃসংবাদ এসেছে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েসকে নিয়ে। হাঁটুর চোটের কারণে নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছেন আর্সেনালের এই সেন্টারব্যাক। রোববার কারাবাও কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে চোট পান তিনি। ম্যাচটি পুরোটা খেললেও পরে ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন। পরীক্ষার পর জানা গেছে, আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতে খেলার মতো ফিট নন তিনি।
এদিকে আর্জেন্টিনাও রক্ষণভাগে একাধিক চোটের ধাক্কা পেয়েছে। রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন। এস্তুদিয়েন্তেসের বিপক্ষে ম্যাচে চোট পান রিভার প্লেটের এই ডিফেন্ডার। তার অনুপস্থিতিতে কোচ লিওনেল স্কালোনির হাতে বিকল্প হিসেবে রয়েছেন নাহুয়েল মোলিনা, যিনি বর্তমানে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে ভালো ছন্দে আছেন।
শুধু মন্তিয়েলই নন, চোটের কারণে আর্জেন্টিনার সেন্টারব্যাক লিওনার্দো বালের্দিও দল থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন লুকাস মার্তিনেজ কুয়ার্তা। কোপা আমেরিকা ২০২৪-এর পর এই ডিফেন্ডারের জাতীয় দলে এটি প্রথম প্রত্যাবর্তন।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা লা বোম্বোনেরা স্টেডিয়ামে দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী শুক্রবার মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে ব্রাজিল নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দুটি প্রীতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, আর ১ এপ্রিল (বাংলাদেশ সময় ভোরে) তারা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।
তবে মাগালায়েস ছিটকে গেলেও তার বদলি হিসেবে নতুন কাউকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে, চোটের কারণে তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো প্রস্তুত নন, তাই স্কোয়াড অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











