খবরবাংলা ডেস্ক :
বিশ্বকাপ ফুটবলে মিসরের পরাজয় এবং রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে নোয়াখালীর সুধারাম থানায় হাজির হন এক তরুণ। তবে বিষয়টি আইনগতভাবে গ্রহণযোগ্য নয় জানিয়ে পুলিশ তাকে বুঝিয়ে ফেরত পাঠায়।
বুধবার (৮ জুলাই) রাত ৮টার দিকে নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা মো. রাকিব (২২) থানায় এ অভিযোগ নিয়ে যান।
লিখিত অভিযোগে তিনি দাবি করেন, আর্জেন্টিনা-মিসর বিশ্বকাপ ম্যাচে পূর্বপরিকল্পিতভাবে রেফারিংয়ের মাধ্যমে একটি দলকে সুবিধা দেওয়া হয়েছে। এতে কোটি কোটি মিসর সমর্থকের আবেগের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ ঘটনায় তিনি ফিফার কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
অভিযোগে রাকিব নিজেকে একজন আইন মেনে চলা ফুটবল সমর্থক হিসেবে পরিচয় দিয়ে ফিফা সভাপতি, ম্যাচ রেফারি এবং আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করেন। তার দাবি, ম্যাচের ১৪তম মিনিটে মিসরের গোলের পর অন্যায্যভাবে আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া হয় এবং পরে মিসরের আরেকটি বৈধ গোল রহস্যজনকভাবে বাতিল করা হয়। এছাড়া ম্যাচের শেষদিকে মিসরের খেলোয়াড়দের অযৌক্তিকভাবে হলুদ কার্ড এবং প্রধান কোচকে লাল কার্ড দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব ঘটনার কারণে তিনি ও অসংখ্য মিসর সমর্থক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুলিশ অভিযোগ গ্রহণ না করায় তিনি আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি পালনের কথাও জানান।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযোগটি আইনগতভাবে থানায় মামলা হিসেবে গ্রহণের সুযোগ নেই। বিষয়টি অভিযোগকারীকে বুঝিয়ে বলার পর তিনি অভিযোগপত্র নিয়ে চলে যান।
তথ্য সূত্র : যমুনা টিভি











