খবরবাংলা ডেস্ক :
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে মঙ্গলবার রাতে পৃথক দুটি আদেশে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার এবং পরে কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে বন্যা ও বৈরী আবহাওয়া পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় শেষ রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। ফলে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীদের জন্য স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পৃথকভাবে ঘোষণা করা হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











