খবরবাংলা ডেস্ক :
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলমান থাকায় জ্বালানি খাতে সরকার ভর্তুকি দিচ্ছে। মূল্য সমন্বয়ের পরও সরকারকে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
এ সময় তিনি বিভিন্ন দেশের জ্বালানি তেলের দামের তুলনা তুলে ধরেন। রিজভী বলেন, জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে।
বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনার পরিবর্তে কর্মসূচিতে সরকারের বিরুদ্ধে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।
তিনি আরও বলেন, এক দফার হুঁশিয়ারি দেওয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না।
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন রিজভী। তার দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।
এ ছাড়া সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











