খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৯৮ বারের মতো মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হলো।
সোমবার (১৪ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তা আদালতে জমা দিতে পারেনি। পরে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আগামী ১৯ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা একটি চক্রের সহায়তায় ওই অর্থপাচার করা হয়।
এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। অর্থপাচার প্রতিরোধ আইনে করা ওই মামলার তদন্তভার পরদিন, ১৬ মার্চ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে দেওয়া হয়।
এরপর থেকে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা সম্ভব হয়নি।











