খবরবাংলা ডেস্ক :
জলবায়ু পরিবর্তন, নগরায়ণ ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। এর মধ্যে সোমবার (৩১ আগস্ট) বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, কুচিংয়ের বায়ুমান সূচক ৩৯০। এই মাত্রার বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার ১৭ নম্বরে। ঢাকার বায়ুমান সূচক ৭৯, যা ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ের বলে বিবেচিত।
দূষণের তালিকায় কুচিংয়ের পর রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমান সূচক ২৪০, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এরপর তালিকায় রয়েছে কুয়েত সিটি, দোহা, মানামা ও জাকার্তাসহ বেশ কয়েকটি শহর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এ ছাড়া সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











