খবরবাংলা ডেস্ক :
বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিরোধীদল এখন সব সংকটের তাৎক্ষণিক সমাধান চায়। জনগণের সংখ্যাগরিষ্ঠ ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন তারা কথা বলবেন।
গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার দ্রুত এ সংকট সমাধানের চেষ্টা করছে। একই সঙ্গে সংকট মোকাবিলায় সরকারকে সময় দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশু নিহত হয়েছেন। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি। এ ছাড়া আমেরিকা ও ইরানের যুদ্ধের কারণে বাংলাদেশ প্রায় চার বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এসব সংকট কাটিয়ে দেশকে ঘুরে দাঁড়াতে কিছুটা সময় প্রয়োজন।
গণমাধ্যমের ভূমিকা নিয়েও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় অনেক কিছু লিখতে না পারলেও এখন গণমাধ্যমে সত্য-মিথ্যা সবই লেখা যাচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











