টাঙ্গাইল সদর সংবাদ দাতা
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল এবং ৬ দফা দাবিতে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। রোববার (৭ জুন) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস ও হাসপাতালের প্রধান ফটক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, বিসিপিএসের প্রস্তাবিত অধ্যাদেশ চিকিৎসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই অবিলম্বে এই কালো অধ্যাদেশ বাতিল করে চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে; অন্যথায় আন্দোলন আরও বেগবান করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন মেডিকেল শিক্ষার্থী জি.আর. নাইম, জোহা, আহনাফ তামিম এবং ইন্টার্ন চিকিৎসক বিশ্বজিৎ সরকারসহ আরও অনেকে। বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারীরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুছের কাছে একটি স্মারকলিপি তুলে দেন। কর্মসূচিতে কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক অংশ নেন।











