খবরবাংলা ডেস্ক :
নেপালে ভয়াবহ বন্যা ও ব্যাপক ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দিনের বিভিন্ন সময়ে নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য প্রকাশ হলেও সন্ধ্যায় জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সংশোধিত বিজ্ঞপ্তিতে ১ হাজার ৩৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।
ভারতের বার্তা সংস্থা এএনআই রোববার (৫ সেপ্টেম্বর) নেপাল পুলিশের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
এর আগে শনিবারের প্রাথমিক তথ্যে নিহতের সংখ্যা ১ হাজার ৩৪১ জন এবং দুপুরের বুলেটিনে ১ হাজার ৩৪৪ জনের কথা জানানো হয়েছিল। তবে সন্ধ্যা ৬টার বিজ্ঞপ্তিতে তথ্য সংশোধন করে মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জন বলে নিশ্চিত করা হয়।
এদিকে দুর্যোগকবলিত বিভিন্ন এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দুর্গম এলাকাগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আপার ত্রিশূলি-১ প্রকল্পের একটি টানেল থেকে এক চীনা নাগরিককেও উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকাজ দ্রুত করতে নেপাল সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় বিশেষায়িত উদ্ধারকারী দলও কাজ করছে। চিলিমে ও অন্যান্য দুর্গম টানেল থেকে পানি, কাদা ও ভারী ধ্বংসাবশেষ সরানোর কাজ যৌথভাবে পরিচালনা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপাল সরকারের অনুরোধের পর এখন পর্যন্ত সাতটি বিমানে ৯৫ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। পাশাপাশি টানেল উদ্ধার ও ফরেনসিক কাজে দক্ষ ৫৪ সদস্যের একটি বিশেষ দলও কাঠমাণ্ডুতে পাঠানো হয়েছে।
ভারতে নিযুক্ত নেপালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার তৎপরতা এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। দুর্গম ভূখণ্ডের কারণে ভারী যন্ত্রপাতি ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যা হচ্ছে। এ কারণে সংযোগ সড়ক তৈরি করে উদ্ধারকাজ আরও দ্রুত করার চেষ্টা চলছে।
দুর্যোগকবলিত এলাকায় নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










