খবরবাংলা ডেস্ক :
পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্সে জন্মতারিখসহ বিভিন্ন তথ্যের গরমিলের অভিযোগে রবিউল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির সাত দিনের রিমান্ড আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে তাকে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি বাসার নিচতলা থেকে রবিউল ইসলামকে আটক করে ডিবির রমনা বিভাগ। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার রায় তার সাত দিনের রিমান্ড আবেদন করেন।
ডিবি সূত্রে জানা যায়, রবিউল নিজেকে ভারতের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। পুলিশের দাবি, তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়া থানার গৌড়ি ভোজ গ্রামে। তিনি ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর ভারত থেকে বাংলাদেশে আসেন রবিউল। বাংলাদেশে আসার পর তার গতিবিধি ও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হওয়ায় তার বিষয়ে খোঁজ নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় পাসপোর্ট দেখান। পরে তার কাছে থাকা পাসপোর্ট, এনআইডি ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করে জন্মতারিখসহ বিভিন্ন তথ্যের মধ্যে অসংগতি পাওয়া যায় বলে দাবি করেছে ডিবি।
পুলিশ আরও জানায়, রবিউল এর আগেও একাধিকবার বাংলাদেশে যাতায়াত করেছেন। তবে এসব ভ্রমণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি সন্তোষজনক তথ্য দিতে পারেননি বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময় ভিন্ন তথ্য দেওয়ার অভিযোগও করেছে ডিবি।
রিমান্ড আবেদনে ডিবি দাবি করেছে, রবিউল বাংলাদেশে কোনো অপরাধ বা সাম্প্রতিক সময়ে সংঘটিত কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশে আসার প্রকৃত উদ্দেশ্য, সম্ভাব্য সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন নথিতে তথ্যের গরমিলের কারণ জানতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
তবে আদালতে রিমান্ড আবেদনের শুনানির পর এ বিষয়ে বিচারিক সিদ্ধান্তই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











