মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশের জঙ্গল থেকে এক দিন বয়সী এক নবজাতক ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ক্যাডেট কলেজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, কে বা কারা নবজাতক ছেলেটির মরদেহ গামছায় পেঁচিয়ে মহাসড়কের পাশে জঙ্গলে ফেলে যায়। বিকেল ৩টার দিকে কয়েকজন পথচারী জঙ্গলের ভেতর গামছায় মোড়ানো কিছু দেখতে পান। পরে তারা জঙ্গলের ভেতরে গিয়ে গামছা খুলে নবজাতকের মরদেহ দেখতে পান। এরপর মরদেহটি রাস্তার পাশে এনে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, কোনো নারী আট থেকে নয় মাসের গর্ভাবস্থায় শিশুটির জন্ম দিয়েছেন। তবে শিশুটি জীবিত নাকি মৃত অবস্থায় জন্ম নিয়েছিল, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার হওয়া নবজাতকের বয়স আনুমানিক এক দিন। তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
তিনি জানান, পরিচয় নিশ্চিত করা সম্ভব না হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের মরদেহ দাফন করা হবে।











