খবরবাংলা ডেস্ক :
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অভিযান চালানোর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ মামলার শুনানি হয়। একই সঙ্গে মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
এদিন আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা নাকচ করে দেন। এর আগে শাপলা চত্বরের মামলায় হাসানুল হক ইনু, দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, ফারজানা রূপাসহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। এর মধ্যে ৩০ জন পলাতক। এর আগে পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও কেউ আত্মসমর্পণ করেননি। পরে তাদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।
চলতি বছরের ২৭ জুলাই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অভিযানসংক্রান্ত মামলায় রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে আসামিদের যোগসাজশে রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে হেফাজতে ইসলামকে নির্মূলের উদ্দেশ্যে অভিযান চালানো হয়।
এদিকে গাজীপুরে মাদরাসার অধ্যক্ষ আবুল হোসেনকে গুমের মামলায় সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। একই দিন সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানও ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করতে যান।











