মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ফ্লাইওভার এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে শওকত হোসেন (৪৮) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা এবং হোসাইন উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে শওকত হোসেনকে ধরা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩ মে) সকালে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।











