খবর বাংলা ডেস্ক :
পবিত্র রমজান মাসজুড়ে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে কি না—সে বিষয়ে আজ মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের করা আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই শুনানির পরই আদালত থেকে চূড়ান্ত নির্দেশনা আসবে।
রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতে জনস্বার্থে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল। সেই আবেদনের শুনানি নিয়ে গত রোববার বিচারপতি ফাহমিদা এবং বিচারপতি মো. আসিফ হাসান-এর হাইকোর্ট বেঞ্চ রোজায় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন।
হাইকোর্টের ওই আদেশ অনুযায়ী রমজানজুড়ে স্কুল বন্ধ থাকার কথা ছিল এবং ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই ছুটি কার্যকর হওয়ার কথা ছিল। তবে রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আবেদন করলে চেম্বার জজ আদালত সোমবার হাইকোর্টের নির্দেশ স্থগিত করেন। ফলে বিষয়টি এখন আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে আদালতের আদেশে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় রমজানে এসব বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে—সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। আজকের শুনানির পর এ বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।











