খবরবাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
সোমবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির নেতারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা রাজধানীতে একত্রিত হয়ে রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশের একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাসভবনে হামলার এমন পরিকল্পনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।
তারা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে আবারও অস্থিতিশীলতা ও ভীতিকর পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে এ ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান ঢাবি সাদা দলের নেতারা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










