খবরবাংলা ডেস্ক :
রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, প্রায় এক দশক ধরে বাংলাদেশ ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এতে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের ওপর বাড়তি পরিবেশগত চাপ তৈরি হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ ভবনে আয়োজিত জলবায়ুবিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, আসন্ন জলবায়ু সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চাইবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাশা করবেন।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ ঋণ হিসেবে নয়, কার্যকর সহায়তা হিসেবে জলবায়ু অর্থায়ন চায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষায় পাটজাত পণ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাটজাত পণ্যকে পরিবেশবান্ধব ও সহজে মাটিতে মিশে যায়—এমন প্রাকৃতিক তন্তু হিসেবে বিশ্বব্যাপী তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
জলবায়ু সংকট মোকাবিলায় পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, সরকারের রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











