খবরবাংলা ডেস্ক :
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ঈশোরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—আতিয়ার (৯) ও আবু বক্কর (৬)। তারা ওই গ্রামের আতিকুল ইসলামের সন্তান।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে খেলছিল দুই ভাই-বোন। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পাশের একটি পুকুরে নেমে যায় তারা। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
নিহতদের বাবা আতিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার দুইটা সন্তান একসঙ্গে হারাইলাম। ওরা খেলতে গিয়েছিল, আমরা বুঝতেই পারি নাই কখন পুকুরে নামছে। আমি এখন কিভাবে বাঁচব।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











