খবরবাংলা ডেস্ক :
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে সোমবার শুনানি শেষে মঙ্গলবার রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিন আগে নির্ধারিত রায় পিছিয়ে দেওয়া হয়।
২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত হিটু শেখও আপিল করেন।
গত ১১ আগস্ট হাইকোর্টে এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। এখন আগামী ৩১ আগস্ট মামলাটির রায়ের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্টরা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











