সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুর উপজেলা-এ দলীয় পদে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। মঙ্গলবার (৫ মে) বিকেল ৩টার দিকে সখীপুর প্রেসক্লাব-এ আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে পুনরায় দলে ফেরার সুযোগ চান।
লিখিত বক্তব্যে শাজাহান সাজু জানান, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রায় ২২ বছর ধরে জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। তবে পাঁচ মাস আগে দলীয় হাইকমান্ডের বিরুদ্ধে অভিযোগ তুলে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা বিএনপি তাকে সাময়িক অব্যাহতি দেয়।
তিনি আরও বলেন, গত ২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাব-এ দেওয়া বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে—এমন অভিযোগ স্বীকার করে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
শাজাহান সাজু দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময়ে তিনি ও তার পরিবার বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে এবং অন্তত ১০ বার কারাবরণ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।











