সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জুনায়েদ তানবির নোমান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জুনায়েদ উপজেলার প্রতিমা-বংকী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. রুবেল মিয়ার ছেলে। সে শাহীন স্কুলের সখীপুর শাখার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোববার সকাল ৯টার দিকে জুনায়েদের মা রুমা বেগমকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কলেরা হাসপাতালে রেফার করা হয়।
এর মধ্যে সোমবার সকাল ৯টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত জুনায়েদকে পরিবারের সদস্যরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কাজী মঞ্জুরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তখন তার অবস্থা সংকটাপন্ন ছিল। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহীন স্কুলের সখীপুর শাখার সভাপতি শাহিন আল মামুন বলেন, জুনায়েদ একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।











