খবরবাংলা ডেস্ক :
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ২৮ জুলাই-এর মধ্যে তাদের তৈরি করা লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং [email protected] ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে।
নির্দেশনায় বলা হয়, লোগো পিএনজি, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে জমা দিতে হবে। রিলস অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলার ওপর ভিত্তি করে তৈরি হতে হবে এবং এর লিংক ই-মেইলে পাঠাতে হবে। থিম সং ওয়ার্ড এবং পিডিএফ ফরম্যাটে, আর মাসকট ও স্লোগান ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে।
এছাড়া অংশগ্রহণকারীদের জমাদানের সঙ্গে একটি সচল মোবাইল নম্বর ও পূর্ণাঙ্গ যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে বলা হয়েছে।
মাউশি জানিয়েছে, প্রতিযোগিতায় নির্বাচিত লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং-এর বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। তবে যারা ইতোমধ্যে লোগো, রিলস বা থিম সং জমা দিয়েছেন, তাদের নতুন করে পাঠানোর প্রয়োজন হবে না।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











