খবর বাংলা ডেস্ক :
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন আহমেদ (৭৫) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নিজ বাড়িতে তার মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মহিউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধের সময় মুন্সীগঞ্জ জেলার অন্যতম সংগঠক ছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি স্থানীয় সরকারেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন তিনি।
তিনি মালখানগর ইউনিয়ন পরিষদের পাঁচবারের চেয়ারম্যান এবং সিরাজদিখান উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে যান। পরবর্তীতে কয়েকটি মামলায় তাকে অভিযুক্ত করা হয় বলে জানা যায়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











