খবরবাংলা ডেস্ক :
উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সেলেটার জেট চার্টারের একটি বিশেষ ফ্লাইটে তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। তার সঙ্গে পরিবারের একজন সদস্য ও দুইজন চিকিৎসক রয়েছেন। দুপুরের দিকে তাকে বহনকারী বিশেষ ফ্লাইটটি সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য নিহত হন। আহত হন ক্যাপ্টেন মহিউদ্দিনসহ আরও কয়েকজন।
পরে শুক্রবার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
আহত সেনা কর্মকর্তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
তথ্য সূত্র : যমুনা টিভি











