খবরবাংলা ডেস্ক :
দেশীয় বস্ত্রকলকে সুরক্ষা দিতে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার ওই আদেশ স্থগিত করে বিষয়টি আরও পর্যালোচনার অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৮ শাখা থেকে এনবিআরকে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে গত ৭ সেপ্টেম্বর এনবিআরের জারি করা আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপপ্রধান মোহাম্মদ খায়রুল আলমের সই করা চিঠিটি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বাংলাদেশ কাস্টমস ট্যারিফের ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭ নম্বর পণ্যের আওতায় ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানিসংক্রান্ত আদেশটি পুনরায় পর্যালোচনার জন্য স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে।
দেশীয় বস্ত্রকলকে সুরক্ষা দেওয়া এবং একই সঙ্গে আমদানিসংক্রান্ত নীতিমালা নিয়ে সংশ্লিষ্ট খাতের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের এ চিঠি দেওয়া হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










