টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
ইয়ং টাইগার্স জাতীয় (অনূর্ধ্ব-১৬) ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল। শুক্রবার (২৩ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ময়মনসিংহ জেলা দলের কাছে ৯ উইকেটে বাজেভাবে পরাজিত হয় টাঙ্গাইল।
টসে জিতে টাঙ্গাইল জেলা দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভোগে দলটি। প্রশ্নবিদ্ধ ও চরম দুর্বল ব্যাটিংয়ের ফলে মাত্র ২৪.১ ওভারে ৭১ রানে অলআউট হয়ে যায় টাঙ্গাইল।
টাঙ্গাইল দলের পক্ষে সিয়াম খান সর্বোচ্চ ১৭ রান করেন। ময়মনসিংহ জেলা দলের বোলারদের দাপটের সামনে টিকতে না পেরে একের পর এক উইকেট হারায় টাঙ্গাইল। বোলিংয়ে ময়মনসিংহের পক্ষে তৌফিক দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৫টি উইকেট দখল করেন।
জবাবে লক্ষ্য তাড়ায় ময়মনসিংহ জেলা দল খুব সহজেই জয় তুলে নেয়। তারা ২৭.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৭২ রান করে সেমিফাইনাল জিতে টুর্নামেন্টের ফাইনালে ওঠে। দলের পক্ষে জাওয়ান সর্বোচ্চ অপরাজিত ৩০ রান করেন।
টাঙ্গাইল দলের পক্ষে বোলিংয়ে একমাত্র সাফল্য পান শিশির, যিনি একটি উইকেট শিকার করেন।
এই পরাজয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে টাঙ্গাইল জেলার যাত্রা শেষ হলেও ময়মনসিংহ জেলা দল শিরোপার লড়াইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।











