খবর বাংলা ডেস্ক :
হরমুজ প্রণালি অবরোধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সরকারি তথ্য পরিষদের প্রধান ইলিয়াস হাজরাতি স্পষ্ট ভাষায় বলেছেন, “ইরান ভেনেজুয়েলা নয়”।
রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইলিয়াস হাজরাতি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হুমকির কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা এখন অনেকটাই কমে গেছে।
এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে জানায়, হরমুজ প্রণালির দিকে কোনো সামরিক জাহাজ অগ্রসর হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টের প্রতিক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।
ইলিয়াস হাজরাতি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং ওয়াশিংটনের কোনো হুমকিতে তারা বিচলিত হবে না।
তথ্য সূত্র : যমুনা টিভি











