খবরবাংলা ডেস্ক :
ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর সময় পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় এক বছর পাঁচ মাস আত্মগোপনে থাকার পর আবদুল হাকিম (২৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আবদুল হাকিম ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৯ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে টিকটক ভিডিও বানানোর জন্য সৌরভকে ১০ টাকার বিনিময়ে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন আবদুল হাকিম। তাঁর কথামতো পুকুরে ঝাঁপ দেওয়ার পর সৌরভের পায়ে লোহার তারকাঁটা ঢুকে গুরুতর আঘাত লাগে।
পুলিশের ভাষ্য, ঘটনার পর আবদুল হাকিম সৌরভকে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৪ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে সৌরভের মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন সৌরভের মা রানু ক্ষত্রিয় বাদী হয়ে ফুলপুর থানায় আবদুল হাকিমকে আসামি করে মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, প্রায় এক বছর পাঁচ মাস পর আবদুল হাকিম এলাকায় এসেছেন—এমন খবর পেয়ে শুক্রবার ভোরে অভিযান চালানো হয়। পরে তাঁর নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর ঘটনায় করা মামলাটি তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তার আবদুল হাকিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া আদালতের মাধ্যমে চলবে।
তথ্য সূত্র : প্রথম আলো











