খবরবাংলা ডেস্ক :
দেশে চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। একই সময়ে মারা গেছেন ছয়জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী। একই সময়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৮৪ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৬১০ জন।
চলতি বছর আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা নারীর তুলনায় বেশি। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৬৬৮ জন এবং নারী ২৩ হাজার ৬৩ জন। তবে মৃত্যুর ক্ষেত্রে চিত্র ভিন্ন। ১৮৪ মৃত্যুর মধ্যে পুরুষ ৯০ জন এবং নারী ৯৩ জন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার জানিয়েছেন, আগামী অক্টোবর মাসে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। পূর্বাভাস মডেলের তথ্য বিশ্লেষণ করে তিনি এমন আশঙ্কার কথা জানিয়েছেন।
তিনি বলেন, এডিস মশা শুধু দিনের বেলাতেই নয়, রাতেও মানুষকে কামড়ায়। মশাটি সহজে দৃশ্যমান না হওয়ায় অনেকে বিষয়টি গুরুত্ব দেন না। তাই ডেঙ্গু প্রতিরোধে মানুষের সচেতনতা বাড়ানো জরুরি।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাবেও ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। জানুয়ারি থেকে মে পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও জুন থেকে তা দ্রুত বাড়তে শুরু করে। জুনে ২ হাজার ৯০৭ জন, জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বরের প্রথম ২০ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ১২৬ জন।
মৃত্যুর সংখ্যাও সেপ্টেম্বর মাসে দ্রুত বেড়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে এবং মে মাসে একজন মারা যান। জুনে মৃত্যু হয় ১৩ জনের, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের। সেপ্টেম্বরের প্রথম ২০ দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ৮৭ জন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











