খবর বাংলা ডেস্ক :
পবিত্র ঈদুল আজহার ছুটিতে টানা সাত দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য। সোমবার (১ জুন) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম রেজা। তিনি জানান, ঈদ উপলক্ষে সরকারি ছুটির কারণে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। একই সঙ্গে বন্দরের অন্যান্য কার্যক্রমও স্থগিত রাখা হয়েছিল।
ছুটি শেষে সোমবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। ইতোমধ্যে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন এবং পণ্য খালাস, লোড-আনলোডসহ সব ধরনের কার্যক্রম চালু হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আমদানিকারক, রফতানিকারক, পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে।
উল্লেখ্য, বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সবচেয়ে বড় স্থলবন্দর, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি-রফতানি হয়ে থাকে।
তথ্য সূত্র : যমুনা টিভি











