দেশব্যাপী ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ফরিদপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ধর্ষণের শিকার এক শিশুর মা, স্থানীয় শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন- শিক্ষার্থী জেবা তাহাসিন, তানিয়া আহমেদ, আশিক ও সম্প্রতি ধর্ষণের শিকার এক শিশুর মা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’, ‘ধর্ষকের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাই নাই’, ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তারা ধর্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত নিষ্পত্তি এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।
ধর্ষণের শিকার এক শিশুর মা কেঁদে ফেলে বলেন, ‘আমার সন্তানের ওপর যে অত্যাচার হয়েছে, তা কোনো মা-বাবার কাছেই গ্রহণযোগ্য নয়। ধর্ষণকারীদের এমন শাস্তি হোক যাতে দেশে কেউ আর ধর্ষণ করতে সাহস না পায়।’ শিক্ষার্থী তানিয়া আহমেদ বলেন, ‘ধর্ষণের মতো অপরাধ শুধু একজন নারীর জীবনই নষ্ট করে না। এটি সমাজের জন্য একটি কলঙ্ক। আমরা চাই, ধর্ষণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর হোক এবং দোষীদের দ্রুত বিচার হোক।’











