ঘাটাইল
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ, এনডিসি।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসি, বেগম সেগুফতা ফেরদৌস, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, ঘাটাইল উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান ও শিক্ষকবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ ও মনোজ্ঞ থিম ডিসপ্লে, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উপজেলা ও জেলা পর্যায়ের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, দেশপ্রেম, আদর্শবাদিতা ও সততার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন এবং সুন্দর ও সুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।











