টাঙ্গাইল সদর সংবাদ দাতা
বাংলাদেশ আওয়ামী লীগ-এর টাঙ্গাইল জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের একটি ঘটনা ঘিরে শহরে আলোচনা সৃষ্টি হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল পৌর শহরের মেইন রোডে অবস্থিত দলটির বর্তমানে কার্যক্রম স্থগিত ও পরিত্যক্ত কার্যালয়ে এক ব্যক্তি জাতীয় পতাকা উত্তোলন করেন।
জানা যায়, সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান নাইম নিজেকে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে কার্যালয় প্রাঙ্গণে একটি বাঁশের খুঁটির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে তা উত্তোলন করেন। পরে তিনি ঘটনাটির ভিডিও ও নিজের সংক্ষিপ্ত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তিনি ব্যক্তিগত উদ্যোগে দলের পক্ষ থেকে জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন এবং সবার সমর্থন কামনা করেন। বক্তব্যের শেষে তিনি দলীয় স্লোগান দেন।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি ঘিরে টাঙ্গাইল শহরে ব্যাপক আলোচনা চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এবং ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সরকারের পতনের পর কয়েক দফা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে সেখানে অস্থায়ী দোকান বসানো হয়েছে।











