মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম তালুকদার (৪০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম তালুকদার লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নীট লিমিটেডে ইকোভিলে ভবনের পঞ্চম তলায় কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মী শামীম হোসেন জানান, চাকরির কারণে রবিউল পরিবারসহ গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মতো দুপুরের বিরতিতে মোটরসাইকেলে করে বাসায় খাবার খেতে যান। খাবার শেষে কর্মস্থলে ফেরার পথে ঢাকামুখী একটি ইটবোঝাই ট্রাক গোড়াই উড়াল সেতুর নিচে তার মোটরসাইকেলকে চাপা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারওয়ার জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।











