খবর বাংলা ডেস্ক :
নাটোরের লালপুর উপজেলায় মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাবের গোয়েন্দা শাখার পাঁচ সদস্য স্থানীয় যুবকদের হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) রাত ১০টার দিকে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহাগ মাহমুদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নবীনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আহত র্যাব সদস্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা শেষে ব্যারাকে ফিরে গেলেও একজন সদস্য চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের ছয় সদস্য সাদাপোশাকে নবীনগর গ্রামে যান তথ্য সংগ্রহের উদ্দেশ্যে। এ সময় নদীর তীরবর্তী এলাকায় কয়েকজন যুবককে আড্ডা দিতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা র্যাব সদস্যদের মোটরসাইকেল আটকে দেন এবং এক পর্যায়ে চাবি কেড়ে নেন বলে অভিযোগ রয়েছে।
এরপর কথাকাটাকাটির এক পর্যায়ে র্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে পাঁচজন আহত হন।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত র্যাব সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের শারীরিক আঘাতজনিত চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এবং পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। মামলার পর সোহাগ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তথ্য সূত্র : প্রথম আলো











