টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো পানিয়াবান্দা গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আলী আকবার।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রোববার সকাল থেকে দুই ভাই নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে স্থানীয়রা পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
পরে দ্রুত তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আলী আকবার জানান, হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। মাগরিবের নামাজের পর তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্থানীয়দের মধ্যেও বিরাজ করছে গভীর শোক।











