খবর বাংলা ডেস্ক :
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনায় পরিবর্তন এসেছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি হওয়ার কথা থাকলেও আপাতত ৪০ মেগাওয়াট বিদ্যুৎই বাংলাদেশে সরবরাহ করবে নেপাল।
আগামী সোমবার (১৫ জুন) থেকে এই বিদ্যুৎ আমদানি কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জ্বালানি খাতের কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির জন্য ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি (সিইএ)-এর অনুমোদন প্রয়োজন ছিল। তবে এখনো সেই অনুমোদন পাওয়া যায়নি। বিদ্যুৎ পরিবহন লাইনের সক্ষমতার সীমাবদ্ধতার কারণ দেখিয়ে ভারতীয় কর্তৃপক্ষ এই অনুমোদন স্থগিত রেখেছে বলে জানা গেছে।
এছাড়া সংশোধিত বা নতুন ত্রিপক্ষীয় চুক্তি এবং নেপাল-ভারত জ্বালানি সচিব পর্যায়ের জয়েন্ট স্টিয়ারিং কমিটির (জেএসসি) সিদ্ধান্তসহ কিছু প্রশাসনিক প্রক্রিয়াও এখনো সম্পন্ন হয়নি।
নেপাল সাধারণত বর্ষা মৌসুমে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত ও বাংলাদেশে রপ্তানি করে থাকে। অন্যদিকে শীত মৌসুমে দেশটি ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে।
২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত নেপাল-ভারত জেএসসি বৈঠকে বিদ্যমান ৪০ মেগাওয়াট সরবরাহের পাশাপাশি বাংলাদেশে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির বিষয়ে নীতিগতভাবে সম্মতি হয়েছিল। তবে প্রয়োজনীয় অনুমোদন ও প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সেই সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











