খবরবাংলা ডেস্ক :
রোহিঙ্গা সংকটের সমাধানে সামনে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এ সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন।
শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন বাংলাদেশকে জানিয়েছে, তারা বাংলাদেশ ও মিয়ানমার—উভয় পক্ষকে সহযোগিতা করবে, যাতে দ্রুত এই সংকটের সমাধান সম্ভব হয়।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সঙ্গে বর্তমানে চারটি গুরুত্বপূর্ণ পক্ষ জড়িত। এর মধ্যে রয়েছে মিয়ানমার, রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণকারী আরাকান আর্মি, বাংলাদেশ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।
ড. খলিলুর রহমান আরও জানান, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং আরাকান আর্মির প্রধান উভয়েই তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে চাননি তিনি।
তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রয়েছে। বর্তমান সরকার জনসমর্থন নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে এবং এই শক্তির ভিত্তিতে আগামী দিনে রোহিঙ্গা সংকট সমাধানের একটি পথ তৈরি হবে বলে তিনি বিশ্বাস করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অতীতেও বিএনপি সরকারের সময়ে দুই দফায় রোহিঙ্গা সংকটের সমাধান হয়েছিল। এবারও সরকার এ সংকটের সমাধানে সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










