খবরবাংলা ডেস্ক :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি বিদ্যালয়ের চার স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার একদিন পর সিলেট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া চার ছাত্রী ঠাকুরগাঁও থেকে সিলেটে গিয়ে গোয়াইনঘাটগামী একটি বাসের জন্য অপেক্ষা করছিল। সেখান থেকেই তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে চার ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরই তাদের উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, দীর্ঘ সময় ধরে অনুসন্ধানের পর চার ছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করা হয়েছে। তারা গোয়াইনঘাট যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিল।
তিনি বলেন, “মঙ্গলবার রাত থেকেই পুলিশ তাদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে।”
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, এর আগে চার ছাত্রী ঢাকায় গিয়েছিল। পুলিশ ধারণা করছে, একটি মানবপাচারকারী চক্র তাদের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











