টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে র্যাব-১৪-এর অভিযানে ১২৫ বোতল নেশাজাতীয় ‘এসকাফ সিরাপ’সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন গাইবান্ধা জেলার হাসিম বাবু (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সিয়াম (২০)।
র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানার গোলচত্বর এলাকায় সিরাজগঞ্জ-ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের কাছে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২৫ বোতল নেশাজাতীয় ‘এসকাফ সিরাপ’ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসকাফ সিরাপ সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।











