খবরবাংলা ডেস্ক :
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পানিতে ডুবে সাত বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া এলাকার কচুয়া বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো তানজিনা (৭), তিনি মো. আজিজুল হকের মেয়ে এবং মারিয়া খাতুন (৭), তিনি একই এলাকার মো. মাসিদুল ইসলামের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান পাননি।
পরে সন্ধ্যায় বাড়ির পূর্ব পাশে অবস্থিত কচুয়া বিলে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা তাদের উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











