খবরবাংলা ডেস্ক :
এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়নের অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে এক শিক্ষক ও ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. বাচ্চু মিয়া এবং তার ছাত্র মেহেদী হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এসএসসি-২০২৬ পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত মো. বাচ্চু মিয়া নিজে খাতা মূল্যায়ন না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন।
ঘটনাটি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে এলে তিনি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবিদ্বার থানায় শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলার পর শনিবার রাতেই পুলিশ অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রেপ্তার করে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











